
যশোরের বেনাপোলে কেমিক্যালের পুরোনো ড্রাম কাটার সময় গ্যাসের চাপে ড্রামের ঢাকনার মুখ ছুটে আঘাত লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর থানার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম ইমন হোসেন (১৭)। সে বেনাপোল বন্দর থানার বালুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল বন্দর থানার বালুন্ডা বাজারে আবদুল কাদেরের আসিব বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি দোকানে কাজ করত ইমন। বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি একটি মুখ আটকানো পুরোনো কেমিক্যাল ড্রাম দোকানে নিয়ে আসেন। তিনি ইমনকে ড্রামটি কেটে ছোট চালের ড্রাম বানিয়ে দিতে বলেন। সকাল সাড়ে ১০টার দিকে ড্রামটি কাটার সময় ড্রাম থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় ড্রামের ঢাকনার মুখ ছুটে ইমনের মুখে লাগে। স্থানীয় লোকজন আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে বেলা একটার দিকে সে মারা যায়।
বেনাপোল বন্দর থানার উপরিদর্শক (এসআই) তৌফিকুর রহমান বলেন, পুরোনো কেমিক্যাল ড্রামের মুখ বন্ধ থাকায় এর মধ্যে গ্যাসের সৃষ্টি হয়। ড্রামটি কাটার সময় গ্যাসের চাপে ঢাকনার মুখ ছুটে ইমনের মুখে লেগে সে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।