
যশোরের কেশবপুরে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের এক বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ২৩ জুন সকাল ৬টা থেকে ২৯ জুন পর্যন্ত কেশবপুর উপজেলাজুড়ে কঠোর লকডাউন চলবে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, চায়ের দোকানসহ সবকিছু বন্ধ থাকবে।
তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। এমনকি কোনো ইউনিয়ন থেকে নছিমন, ইজিবাইক, ভ্যান-রিকশা কেশবপুর শহরে ঢুকতে পারবে না।
এ বিষয়ে ইউএনও এম এম আরাফাত হোসেন জানান, যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নের জন্য প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে থাকবে।