
আম্মাম হোসেন (৪) সকালে ঘুম থেকে উঠেই বন্ধুদের সঙ্গে বাড়ির সামনের সড়কের ওপারে খেলতে চলে যায়। একটু পর তার দাদি তাকে বাড়িতে খেতে ডাকে। ডাক শুনে সড়কটি পার হতে গিয়ে দ্রুতগামী বাসের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায় সে। আজ মঙ্গলবার সকাল সাতটায় মেহেরপুরের গাংনী পৌর শহরের মালশাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আম্মাম হোসেন গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম মালশাদহ গ্রামের বাগানপাড়ার সিঙ্গাপুরপ্রবাসী আবদুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী আবদুল মিয়া ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আম্মামদের বাড়ির সামনে দিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক গেছে। সড়কের ওপারে একটি গাছে দোলনা টানানো আছে। আম্মাম সকালবেলা ঘুম থেকে উঠেই সেখানে খেলতে চলে যায়। এদিকে সকালের খাবার খেতে তার দাদি তাকে বাড়িতে ডাকে। দাদি মনোয়ারা খাতুনের ডাকে সাড়া দিয়ে সে দ্রুত সড়ক পার হতে যায়। এ সময় দ্রুতগামী দূরপাল্লার বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় লোকজন শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আম্মামের মা ছায়রা খাতুন বলেন, ‘কোল থেকে উঠে খেলতে গিয়ে ছেলে আর আমার কোলে ফিরল না। ওর বাবা বিদেশ থেকে অনেক কয়টা খেলনা পাঠিয়েছে। সেগুলো দিয়ে কে খেলবে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর খবর পেয়েছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা যায়নি। চালক-সহকারী পলাতক।