
খুলনার কয়রা উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী ‘মুন্ডা’ সম্প্রদায়ের এক নারীকে (২২) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার একজন ও শনিবার বাকি তিনজন পাইকগাছার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামের কাছে জবানবন্দি দেন।
তাঁদের স্বীকারোক্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত মোট সাতজনের নাম পাওয়া গেছে। যাঁদের মধ্যে পাঁচজন সরাসরি ধর্ষণে অংশ নিয়েছিলেন আর তিনজন ছিলেন সহযোগী। তবে তদন্তের স্বার্থে পুলিশ অপর ব্যক্তিদের নাম প্রকাশ করছে না।
আদালতে জবানবন্দি দেওয়া ওই চার আসামি হলেন ওমর সাদিক (২৬), ইমরান হোসেন (২৭), শাহ আলম (২১) ও জোবায়ের হোসেন (২৫)। ইমরান গত শুক্রবার ও বাকি তিনজন শনিবার বিকেলে জবানবন্দি দেন। ওই চার আসামি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ডের শেষের দিন তাঁরা স্বীকারোক্তি দিয়েছেন।
দলবদ্ধ ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি কয়রা সদর উপজেলায়। ১৭ এপ্রিল রাত ১১টার দিকে কয়েকজন যুবক অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার সময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন না।
ঘটনার পরদিন সকালে ওই নারী নিজে থানায় গিয়ে অভিযোগ করেন। যাচাই-বাছাইয়ের পর দুপুরের দিকে মামলা নেয় পুলিশ। এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে ওই নারী পাঁচজনের নাম উল্লেখ করেছেন। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল একজনকে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন আসামিদের জবানবন্দির বরাত দিয়ে বলেন, রাতে ওই নারী ঘরের বাইরে শৌচাগারে গিয়েছিলেন। তখন আসামিরা তাঁকে (ওই নারী) ঘিরে ধরে বলেন, তাঁর ঘরে নাকি ‘অন্য কেউ’ আছে। ভুক্তভোগী ওই নারী তখন তা অস্বীকার করলে আসামিরা ঘর তল্লাশি করার নামে ওই নারীকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কয়েকজন বাইরে পাহারা দিচ্ছিলেন।