
খাগড়াছড়ি বাজারে নারায়ণমন্দির–সংলগ্ন নিজাম স্টোরেখাগড়াছড়িতে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৩ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি বাজারে নারায়ণমন্দির–সংলগ্ন নিজাম স্টোরে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে তেল মজুতের দায়ে দোকানের মালিক নিজাম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন আরাফাত। তিনি প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে খাগড়াছড়ি বাজারের নিজাম স্টোর নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তেলের অবৈধ মজুতের অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬–এর ৬ ধারায় নিজাম স্টোরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে জব্দ হওয়া তেল খাগড়াছড়ি বাজারেই ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। ১৬০ টাকা লিটার দরে ওই তেল বিক্রি করা হয়েছে। তেলের অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।