
খাগড়াছড়িতে ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে অমিত আচার্য নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে খাগড়াছড়ির বটতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেসবুকে তাঁর অ্যাকাউন্ট ‘ঋদ্ধ ঋষি’ নামে।
অমিতের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর দেওয়া ভিডিওতে উসকানিমূলক মন্তব্য করেছেন। এ নিয়ে ফেসবুকে উত্তেজনা ছড়ায়। তখন অমিত নিজ এলাকা থেকে বটতলীতে চলে যান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অমিতকে বটতলী থেকে গ্রেপ্তার করা হয়েছে। উসকানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।