খুলনায় তরুণী ধর্ষণের মামলায় পিবিআই কর্মকর্তা কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার পরিদর্শক মঞ্জুরুল হাসান ওরফে মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ২৬ মে তিনি উচ্চ আদালত থেকে ১৪ দিনের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। ওই জামিনের শেষ দিন ছিল আজ বুধবার। দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকানন্দ দাস প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ১৫ মে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এক তরুণী। এর পর থেকে পলাতক ছিলেন তিনি।

পিবিআই পরিদর্শক মঞ্জুরুল হাসানের সঙ্গে দেখা করলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ওই তরুণীকে মোটরসাইকেলে করে নগরের ছোট মির্জাপুরের একটি বাড়িতে নিয়ে যান। এরপর সেখানে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই তরুণী মেসে থাকেন। তাঁর একটি ছবি ফেসবুকের একটি আইডি থেকে শেয়ার করেন অন্য কেউ। গত ১০ মে ওই ঘটনায় আইনি সহায়তার জন্য মঞ্জুরুল হাসানকে ফোন করেছিলেন ওই তরুণী। তখন মঞ্জুরুল হাসান তাঁকে খুলনা পিবিআই কার্যালয়ে যেতে বলেন। সেখানেই সরাসরি দেখা-পরিচয় হয় তাঁদের। এরপর ওই সমস্যা নিয়ে মোবাইলে দুই-এক দিন তাঁদের মধ্যে কথা হয়েছে। ঘটনার দিন দুপুরের দিকে মঞ্জুরুল হাসানের সঙ্গে দেখা করলে মঞ্জুরুল হাসান সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তাঁকে মোটরসাইকেলে করে নগরের ছোট মির্জাপুরের একটি বাড়িতে নিয়ে যান। এরপর সেখানে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছেন। ওই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ভয়ে মেয়েটি সেখান থেকে বেরিয়ে মেসে চলে যান। পরে অসুস্থ হয়ে পড়লে ব্যাপারটি ফোন করে পুলিশকে জানান তিনি।

গত ৩০ মে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন মঞ্জুরুল হাসান। ওই মামলার পেছনে ষড়যন্ত্র আছে বলে উল্লেখ করেন তিনি। পরদিন ৩১ মে খুলনা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন ওই তরুণী। সেখানে তিনি মঞ্জুরুল হাসানের অভিযোগ মিথ্যা হিসেবে উল্লেখ করেন।