খুলনায় হঠাৎ বৃষ্টি, আরও বৃষ্টি হতে পারে

খুলনার আকাশ মেঘে ঢেকে আছে
ছবি: শেখ আল-এহসান

সকালটা ছিল রৌদ্রোজ্জ্বল। আকাশে মেঘ ছিল না। সাড়ে ৯টার দিকে হঠাৎ বদলে যেতে থাকে এই রূপ। ১০ মিনিটের মধ্যেই কালো মেঘে ঢেকে যায় খুলনার আকাশ। দমকা বাতাসের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। তবে ওই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিটের মতো ভারী বৃষ্টির পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি এখনো চলছে। কালো মেঘ ছেয়ে আছে পুরো আকাশে। হালকা বাতাসও রয়েছে।

খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে এমনটা হচ্ছে। তবে ঝড়টির বাংলাদেশে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। এটি ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। এ কারণে আগামী দুই দিন থেমে থেমে ভারী অথবা মাঝারি বৃষ্টি হতে পারে। ১৪ মে দুপুর থেকে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে।

অশনির প্রভাবে গতকাল মঙ্গলবার খুলনা বিভাগে ভারী বৃষ্টির কথা বলেছিল আবহাওয়া কার্যালয়। কিন্তু খুলনা জেলায় সেটি হয়নি। গতকাল সকাল থেকে খুলনায় ছিল রৌদ্রোজ্জ্বল পরিবেশ।

খুলনার উপকূলীয় তিনটি উপজেলা কয়রা, দাকোপ ও পাইকগাছার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে আবহাওয়া ভালো থাকলেও সাড়ে ৯টার পর থেকে ওই এলাকাগুলোতেও আকাশ কালো মেঘ জমে আছে। পাঁচ থেকে সাত মিনিট বৃষ্টির হয়েছে। গতকাল নদীতে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে সামান্য বৃদ্ধি পেয়েছিল। তবে আজ নদী শান্ত।

কৃষির ক্ষতির আশঙ্কা

খুলনার বিভিন্ন এলাকার জমিতে এখনো আধা পাকা বোরো ধান রয়েছে। রয়েছে শত শত বিঘার তরমুজখেত। বৃষ্টি হলে এসব ফসলের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

পাইকগাছা উপজেলার গড়াইখালী ইউনিয়নে এবার আট বিঘা জমিতে তরমুজের চাষ করেছিলেন শান্ত মণ্ডল। তিনি বলেন, তরমুজ তোলার উপযুক্ত হলেও বিক্রি না হওয়ায় তা খেতেই পড়ে আছে। বেশি বৃষ্টি হলে তা নষ্ট হয়ে যাবে।

খুলনা কৃষি কার্যালয়ের তথ্যানুযায়ী, এ বছর খুলনায় ৬২ হাজার ৭৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর তরমুজের আবাদ হয়েছে ১৩ হাজার ৯৭০ হেক্টর জমিতে। ৭৫ শতাংশ তরমুজ ও ৯৩ শতাংশ জমির বোরো ধান কাটা হয়ে গেছে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, এখনো কিছু ধান ও তরমুজ জমিতে পড়ে রয়েছে। যা আছে, তা ভারী বৃষ্টি হলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে সেগুলো কেটে নেওয়ার।