
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। গতকাল রোববার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত দুই শিশু হলো ভোলাব ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য নুর মোহাম্মদের মেয়ে নুসরাত জাহান (৭) ও তাঁর ভাই মোহাম্মদ আবদুলের মেয়ে তাবাসুম তাজরিয়া (৪)।
দুই শিশুর স্বজনেরা বলেন, গতকাল বিকেলে বাড়ির পেছনে দুই বোন খেলতে যায়। সন্ধ্যায় তারা দুজন বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে বাড়ির পেছনের পুকুরে তাদের খুঁজে পাওয়া যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ভোলাব পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান দুই শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দুই শিশুর মরদেহ পেয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ দাফনের জন্য স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।