
গণপরিবহনের চালক ও চালকের সহকারীদের আলাদা পোশাক চালুর সিদ্ধান্তে আপত্তি এসেছে সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে। এ সিদ্ধান্তকে অবান্তর উল্লেখ করে তারা বলছে, এতে চালক ও সহকারীদের নিরাপত্তাহীনতা বাড়বে। তা বাস্তবায়িত হলে ধর্মঘটে যেতে পারেন সারা দেশের পরিবহনশ্রমিকেরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট অঞ্চলের কার্যক্রম নিয়ে গণশুনানিতে এ ধরনের হুমকি দেন সিলেট ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সোমবার বেলা ১১টায় এ গণশুনানিতে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক শহীদুল্লাহ কায়ছার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার বিন সালেহ, সিলেট বিআরটিএর সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, মোটরযান পরিদর্শক মাহবুব রব্বানী।
সিলেট ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, যানবাহনচালকদের জন্য আলাদা পোশাকের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যেকোনো দুর্ঘটনাতেই রোষানলের শিকার হবেন চালক ও সহকারীরা। উত্তেজিত জনসাধারণের রোষানলের শিকার হয়ে চালক ও সহকারীদের গণপিটুনিতে মৃত্যু ঘটবে। এমন সিদ্ধান্ত অবান্তর। এটি বাস্তবায়ন করা হলে পরিবহনশ্রমিকেরা সারা দেশে ধর্মঘটে বসবেন।
পরিবহনশ্রমিক নেতার এমন বক্তব্যের উত্তরে নুর মোহাম্মদ মজুমদার বলেন, পোশাক একটি গর্বের বিষয়। কাউকে হেয় করতে পোশাকের কথা আসেনি। পশ্চিমা দেশগুলোতে যানবাহনচালকদের সম্মান এবং অধিক মজুরি দেওয়া হয়ে থাকে। পোশাকের সিদ্ধান্ত দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শ্রেণি–পেশার মন্তব্য নেওয়ার পর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হয়েছে। একটি শৃঙ্খলার মধ্যে আনতে পোশাকের কাঠামোর মধ্যে আনার সিদ্ধান্ত হয়েছে। হুজুগে স্বভাব পরিহার করতে হবে।
গণশুনানিতে অংশ নেওয়া বদরুল আমিন নামের একজন বলেন, ২০২০ সালের সেপ্টেম্বরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আঙুলের ছাপ দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি লাইসেন্স পাননি। এদিকে তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা হয়ে গেলেও লাইসেন্সপ্রাপ্তির বিলম্বের কারণে বিমানের টিকিট বুক করতে পারছেন না।
জবাবে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জরুরি প্রয়োজন দেখিয়ে আবেদনের ভিত্তিতে বিআরটিএ সাত দিনের মধ্যে লাইসেন্স ইস্যু করে থাকে। প্রায় সাড়ে ১২ লাখ লাইসেন্স ছাপার কিছু জটিলতার কারণে আটকে ছিল। সেটি এখন দৈনিক সাড়ে ১০ হাজার করে ছাপানোর কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে আগের আবেদনকারীরা লাইসেন্স হাতে পাবেন।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া বলেন, বিআরটিএ কার্যালয়ে দালালদের মাধ্যমে না গেলে কোনো কাজ হয় না। সিএনজিচালিত অটোরিকশার মালিকানা পরিবর্তন গেলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা দাবি করা হয়। এর জবাবে নুর মোহাম্মদ মজুমদার বলেন, অনিয়ম–দুর্নীতি নিয়ে সবাইকে কথা বলতে হবে। মানসিকতা পরিবর্তন করতে হবে। সুশৃঙ্খল হতে হবে। টাকা খরচ করে লাইনে না দাঁড়িয়ে সবার আগে কাজ সারার চিন্তা মাথা থেকে সরাতে হবে। তাহলে দালালদের ধরতে হবে না।
সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর বলেন, সিলেটে রেজিস্ট্রেশন নিয়ে চলে ২০ থেকে ২২ হাজার সিএনজিচালিত অটোরিকশা। সেই সঙ্গে অবৈধভাবে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই চলে সমপরিমাণ সিএনজিচালিত অটোরিকশা। এর মধ্যে ছিনতাই করে নিয়ে আসা দেশের বিভিন্ন জায়গার সিএনজিচালিত অটোরিকশা রয়েছে, যা কিছু অসাধু ব্যক্তি অত্যন্ত কম টাকায় ক্রয় করেন। এসব অবৈধ যানবাহন মহাসড়কে বিভিন্নভাবে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের মাসোহারা দিয়ে পরিচালিত হয়ে থাকে। এসব বিষয়ে বিআরটিএ-কর্মকর্তাদের অবহিত করা হলে তাঁরা লোকবলসংকট এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মতো ক্ষমতা নেই বলে জানান। এ জন্য তিনি সিলেট বিআরটিএ কার্যালয়ে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানান। এর উত্তরে নুর মোহাম্মদ মজুমদার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান।
তোফায়েল আহমদ নামের এক যুবক বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর তিনি ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছেন। সেখানে তাঁর ঠিকানা হিসেবে সিলেটের জায়গায় চাঁদপুর উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি আবেদনের কোথাও নিজের ঠিকানা হিসেবে চাঁদপুর উল্লেখ করেননি। বিষয়টি সংশোধনের জন্য একাধিকবার বিআরটিএ সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের কাছে গেলেও তিনি সংশোধনের কোনো সুযোগ নেই বলে জানান।
এ ছাড়া গণশুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, বিআরটিএ বিভিন্ন ফি নেওয়া ব্যাংকগুলো বিভিন্ন সময় ফি নিতে অপরাগত প্রকাশ করে। বিভিন্ন বিষয় নিয়ে সহকারী পরিচালকের কক্ষে যেতে চাইলে ঢুকতে বাধা দেওয়া হয়। লাইসেন্সের খোঁজ নিতে গেলে টাকা দাবি করা হয়। প্রতিদিন পেশাদার লাইসেন্সের জন্য ডোপ টেস্টে করতে ২০০ থেকে ২৫০ জন থাকলেও ২৫ জনের অধিক লাইসেন্স আবেদনকারীর ডোপ টেস্ট নেওয়া হয় না।
গণশুনানিতে সিলেট বিআরটিএ কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে উৎকোচ আদায়ের অভিযোগ আনা হয়। এ ছাড়া বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নাম-পরিচয়সহ পরিচয়পত্র কিংবা পোশাকের সঙ্গে নাম লাগানো বাধ্যতামূলক করার দাবি তোলা হয় গণশুনানিতে। এতে কোন কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, সে বিষয়ে ধারণা এবং অভিযোগ করতে সহজ হবে বলে মন্তব্য করেন গণশুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা। এ ছাড়া পরিবহনশ্রমিক ও মালিক সমিতির নেতারা যানবাহনের ফিটনেস এক বছরের পরিবর্তে দুই থেকে তিন বছর করার দাবি জানান।
নুর মোহাম্মদ মজুমদার বলেন, এখন থেকে দেশের যেকোনো জেলার যানবাহন বিআরটিএর যেকোনো কার্যালয়ে উপস্থিত হয়ে ফিটনেস সার্টিফিকেট গ্রহণ করতে পারবে। এ জন্য অফিস আদেশ জারি করা হয়েছে। আগে লাইসেন্সের নাম-ঠিকানা সংশোধনের ব্যবস্থা না থাকলেও এখন সেটি চালু করা হয়েছে। এ জন্য আবেদন করলে সেটি সংশোধন করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট থেকে তাৎক্ষণিক দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গণপরিবহন হিসেবে ব্যবহৃত যানবাহনগুলোর ফিটনেসের মেয়াদ বাড়ানোর সুযোগ নেই বলেও জানান তিনি।