নেত্রকোনার মোহনগঞ্জ

গরিবের ঘর, ধনীর হারভেস্টার সবই তাঁর

২ লাখ ৯৮ হাজার টাকায় ঘর নির্মাণ করা হয়। আর হারভেস্টার মেশিনের দাম ৩৭ লাখ টাকা।

দেড় বছর আগে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের এই ঘরটি পান নেত্রকোনার মোহনগঞ্জের মাঘান-শিয়াধার ইউনিয়নের বেথাম গ্রামের সচ্ছল কৃষক হাবিবুর রহমান
ছবি: প্রথম আলো

সরকারের তালিকায় তিনি হতদরিদ্র। গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন বছর দেড়েক আগে। এবার সেই ব্যক্তিই সচ্ছল কৃষক হিসেবে পেলেন সরকারের ভর্তুকিতে দেওয়া ৩৭ লাখ টাকা দামের ধান কাটার যন্ত্র বা হার্ভেস্টার মেশিন। তথ্য গোপন করে একই ব্যক্তি সরকারের দুটি দপ্তর থেকে সুবিধা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের বেথাম গ্রামের। সুবিধাভোগী ওই ব্যক্তি হলেন মো. হাবিবুর রহমান।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের পাঁচ একর জমি রয়েছে। এর মধ্যে কৃষিজমি চার একর। সচ্ছল ওই ব্যক্তির মোহনগঞ্জ পৌর শহরের বসুন্ধরা মোড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোর আছে। তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে মেজ ছেলে একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে এবং ছোট ছেলে অপর একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কর্মরত।

হাবিবুর সম্প্রতি পেয়েছেন ধান কাটার এই হারভেস্টার যন্ত্রটি

কিন্তু হাবিবুর নিজেকে গৃহহীন উল্লেখ করে দুর্যোগসহনীয় সরকারি একটি ঘর বরাদ্দ নিয়েছেন। ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষণাবেক্ষণ (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় ওই ঘর নির্মাণে ব্যয় ধরা হয় ২ লাখ ৯৮ হাজার টাকা। উপজেলার ৭টি ইউনিয়নে ওই প্রকল্পের আওতায় মোট ৩৬ জন গৃহহীনকে সরকারি এ ঘর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে হাবিবুর নিজের সম্পদের তথ্য গোপন করে একটি ঘর বরাদ্দ নিয়েছেন।

মোহনগঞ্জে এর আগেও নকশা পরিবর্তন করে তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের সম্পদশালী সোহেল মিয়া সরকারি ঘর তৈরি করেছেন। এ নিয়ে গত ৩ মার্চ প্রথম আলোতে ‘ধনীর বাড়িতে গরিবের ঘর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

গত শুক্রবার হাবিবুরের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর বাড়িতে সরকারি ওই ঘর ছাড়াও আরও একটি চৌচালা ও একটি দোচালা টিনের ঘর আছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাবিবুরের কয়েকজন প্রতিবেশী জানান, হাবিবুর একজন সচ্ছল কৃষক। তিনি কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে সরকারি ঘর বাগিয়ে নিয়েছেন। ওই প্রতিবেশীরা জানান, তাঁর এক ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সেই ছেলের মাধ্যমেই তিনি সরকারি সুযোগ–সুবিধা নিচ্ছেন।

গৃহহীনদের ঘর দেওয়ার কর্মসূচি চলাকালে তিনি দায়িত্বে ছিলেন না। কিছুদিন আগে বিষয়টি শোনার পর সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
সাব্বির আহমেদ আকুঞ্জি, মোহনগঞ্জের ইউএনও

ওই গ্রামের এক কৃষক বলেন, ‘আমাদের গ্রামে অনেক অসহায় মানুষ আছেন। কিন্তু তাঁরা সরকারি ঘর পাননি। হাবিবুর ধনী মানুষ হয়েও গরিবের ঘর পেয়েছেন। এবার তিনি ৩৭ লাখ টাকার ধান কাটার আধুনিক মেশিনও নিয়েছেন। এটা আমাদের হতাশ করেছে।’

একই ব্যক্তি গৃহহীনের ঘর ও কৃষকের হারভেস্টার দুটোই পায় কীভাবে, এমন প্রশ্নের জবাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম বলেন, এ নিয়ে ইউএনও কার্যালয় থেকে তদন্ত করা হচ্ছে।

পিআইও কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ওই প্রকল্পের ঘর বরাদ্দের তালিকা চূড়ান্ত করা হয়। বছরের শেষের দিকে ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হয়। ৩৬ জন উপকারভোগীর তালিকায় হাবিবুর রহমানের নাম রয়েছে ১৮ নম্বরে। আর বেথাম গ্রামের একমাত্র উপকারভোগী হিসেবে তাঁর নাম রয়েছে।

জানতে চাইলে মোহনগঞ্জের ইউএনও সাব্বির আহমেদ আকুঞ্জি প্রথম আলোকে বলেন, গৃহহীনদের ঘর দেওয়ার কর্মসূচি চলাকালে তিনি দায়িত্বে ছিলেন না। কিছুদিন আগে বিষয়টি শোনার পর সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার সরকারি ৭০ শতাংশ ভর্তুকিতে গৃহহীন হিসেবে ঘর পাওয়া সেই হাবিবুর রহমান প্রায় ১২ লাখ টাকা জমা দিয়ে ৩৭ লাখ টাকা মূল্যের ১টি কবুতা হারভেস্টার মেশিনও নিয়েছেন ২–৩ মাস আগে।

হারভেস্টার মেশিন কারা পান, জানতে চাইলে মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, নিয়ম অনুযায়ী যাঁরা প্রকৃত কৃষক এবং কৃষিকাজ রয়েছে তাঁরা এই সুবিধা পান।

এ ব্যাপারে জানতে চাইলে উপকারভোগী হাবিবুর রহমান অনায়াসে ঘর ও ধান কাটার আধুনিক যন্ত্র পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার পাঁচ একর না, চার একর কৃষিজমি আছে। কৃষি ভর্তুকির কার্ডও আছে। তাই ১২ লাখ টাকা জমা দিয়ে ধান কাটার মেশিন পেয়েছি। আর আমার থাকার ঘরটি ভালো ছিল না। সরকার যখন ঘর দেয়, তখন আবেদন করেছিলাম। পরে সহজেই ঘর পেয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলেরা মোবাইল ব্যাংকিংয়ে চাকরি করে। ভালো বেতন পায়।’