
পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহেব আলী মাতবরকে মারধর ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সাহেব আলীর বাড়ির পাশেই এ ঘটনা ঘটেছে।
আহত সাহেব আলীকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনের আর এক দিন বাকি থাকায় গতকাল রাতে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ির পাশের একটি সড়কে দাঁড়িয়ে আজ শনিবারের কর্মসূচি সম্পর্কে আলোচনা করছিলেন। আলোচনা শেষে তিনি বাড়িতে আসার সময় দুই দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কাঁধে ও বুকে আঘাত করে। এ সময় তাঁর চিৎকার শুনে কর্মীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে কর্মীরা সাহেব আলী মাতবরকে উদ্ধার করে আহত অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে রাতের অন্ধকারে হামলার ঘটনায় ওই এলাকায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সাহেব আলী বলেন, ‘আগের নির্বাচনে এলাকার ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। এবার নির্বাচনের জের ধরেই পরিকল্পিতভাবে হামলা হয়েছে।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, হামলার খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। হামলার শিকার কাউন্সিলর প্রার্থী অন্ধকারের কারণে দুর্বৃত্তদের চিনতে পারেননি। কাউন্সিলর প্রার্থীর চিকিৎসা চলছে।