
গাইবান্ধার বোনারপাড়ায় রেলওয়ের একে কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বগুড়ায় আন্তনগর ট্রেন অবরোধ করেছেন রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেন বগুড়া স্টেশনে পৌঁছালে রেললাইন অবরোধ করে ট্রেন আটকে দেন তাঁরা। প্রায় ১৫ মিনিট ট্রেনটি অবরুদ্ধ রাখার পর বিচারের আশ্বাস পেয়ে অবরোধকারীরা রেললাইন থেকে সরে যান।
বগুড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, গাইবান্ধার বোনারপাড়া স্টেশনে রেলওয়ের উন্নয়নকাজ তদারক করতে গিয়ে বুধবার বিকেলে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান রেলওয়ের বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে লাঞ্ছিত করেন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া রেলস্টেশনের সামনে রেললাইন অবরোধ করেন। বেলা ১টা ২৭ মিনিটে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেন বগুড়া স্টেশনে পৌঁছায়। এ সময় অবরোধকারীরা ট্রেনের সামনে লাল কাপড় নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। পরে পশ্চিমাঞ্চল (লালমনিরহাট) রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক নূর মোহাম্মদ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে ১৫ মিনিট পর তাঁরা অবরোধ তুলে নেন।
ট্রেনের যাত্রী মফিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, রেলওয়ের কোনো কর্মকর্তাকে কেউ মারধর বা লাঞ্ছিত করলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা এভাবে ট্রেন অবরোধ করে যাত্রীদের জিম্মি করে রাখতে পারেন না। এটা রীতিমতো সরকারি চাকরিবিধি লঙ্ঘন।
বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবরোধে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেন কয়েক মিনিট আটকে পড়ে। অবরোধ তুলে নেওয়ার পর ১টা ৪২ মিনিটে ট্রেনটি বগুড়া স্টেশন ছেড়ে যায়।