
ফেনী সদর উপজেলায় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ট্রাকচালকের নাম মোহাম্মদ শিপন (৩৫)। চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সমির হোসেনের ছেলে। এ ঘটনায় চালকের সহকারী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ট্রাকটি ভুট্টা নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মহাসড়কের ফতেহপুরে পৌঁছানোর পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চালক মোহাম্মদ শিপন নিহত হন ও চালকের সহকারী গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং নিহত মোহাম্মদ শিপনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ফেনীর মহিপাল মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।