গাছে ঝুলছিল লাশটি, গ্রামের কেউ চেনেন না

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশের চরসিন্দুরে গাছে ঝুলতে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চরসিন্দুর ইউনিয়নের উত্তর দেউড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৮ বছর। তাৎক্ষিণকভাবে নিহত ব্যক্তির নাম–পরিচয় জানতে পারেনি পুলিশ। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে উত্তর দেউড়া এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই লাশ দেখতে পান কয়েকজন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় তাঁরা বিষয়টি পলাশ থানার পুলিশকে জানান। সকাল ১০টার দিকে পুলিশ এসে গাছ থেকে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ওই লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদেরও খবর দেওয়া হয়েছে, তাঁরা এসে নিহত ব্যক্তির পরিচয় জানার জন্য হাত ও পায়ের আঙুলের ছাপ নেবেন।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৮ বছর। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

চরসিন্দুরের ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনে তিনি পুলিশকে খবর দেন। খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছেন, ওই ব্যক্তি স্থানীয় কেউ নন এবং কারও পরিচিতও নন। এই এলাকায় কীভাবে তিনি এলেন, তা–ও বুঝতে পারছেন না।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, অন্য কোনো এলাকা থেকে এসে ওই গ্রামে লোকটি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, তা তদন্ত শেষে বলা যাবে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।