
গাজীপুর সিটি করপোরেশনের তেঁতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের দুই চিকিৎসক ও এক রেডিওলজিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ওই হাসপাতালের পরিচালক আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঢাকার মিরপুর এলাকা থেকে ওই তিনজন হাসপাতালে আসা-যাওয়া করতেন। তাঁদের মধ্যে এক চিকিৎসক ও রেডিওলজিস্ট হাসপাতালের বাসে অন্যদের সঙ্গে যাতায়াত করতেন। সর্দি ও গলাব্যথা অনুভব হওয়ায় কয়েক দিন আগে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারের সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয় এবং তাঁদের বাসায় অবস্থান করতে বলা হয়। আজ সকালে তাঁদের নমুনার পরীক্ষায় ফল পজিটিভ আসে। বর্তমানে তাঁরা তিনজনই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এ বিষয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের পরিচালক রাজিব হাসান ওই দুই চিকিৎসক ও রেডিওলজিস্টের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তিনজনের করোনা পজিটিভ আসায় তাঁদের সংস্পর্শে আসা আরও ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয় গাজীপুর সিভিল সার্জনকেও জানানো হয়েছে।