
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় আজ বুধবার সকালে সড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল ১০টায় থেকে আবারও যান চলাচল শুরু হয়।
কোনাবাড়ী এলাকার এনটিকেসি লিমিটেডের শ্রমিকেরা আজ সকালে কারখানার সামনে জড়ো হন। তাঁরা জানান, এপ্রিল মাসের বেতন ও পবিত্র ঈদুল ফিতরের বোনাস না দিয়েই কারখানা কর্তৃপক্ষ ঈদের আগে কারখানা বন্ধ করে দেয়। এখন পর্যন্ত উৎপাদন কার্যক্রম শুরু হয়নি। ঈদের পর প্রতিদিনই শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে এসে ফিরে যাচ্ছেন।
আজ সকাল সাড়ে আটটায় শতাধিক শ্রমিক কারখানার গেটের সামনে অবস্থান নেন। সকাল নয়টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাঁদের বাধা দেয়। শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও লাঠিপেটা করে। ১০টার দিকে শ্রমিকেরা কারখানার ভেতরে যান। সেখানে তাঁরা বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে আগামী জুন মাসে বকেয়া ঈদ বোনাস ও বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। শ্রমিকেরা দুপুর ১২টার দিকে কারখানা থেকে বাড়ি ফিরে যান।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) বুলবুল আহমেদ বলেন, কারখানার মালিকের সঙ্গে কথা হয়েছে। আগামী ৫ জুন শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে দেওয়া হবে।
কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের অবরোধের কারণে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।