গুরুদাসপুরে ফাঁকা গুলি ছুড়ে এসিআইয়ের মাঠকর্মীর টাকা ছিনতাই

ছিনতাই
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ফাঁকা গুলি ছুড়ে ওয়ালিউর রশিদ (৪৫) নামের এসিআই মোটরসের মাঠকর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গুরুদাসপুর-বিলদহর (সিংড়া) সড়কের কালাকান্দর জলকপাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ালিউর রশিদ উপজেলার ধারাবারিষা ইউনিয়নের হাজিরহাট থেকে এক গ্রাহকের কাছ থেকে কিস্তির ৫০ হাজার টাকা আদায় করে সিংড়ায় যাচ্ছিলেন। কালাকান্দর জলকপাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের চারজন দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে। ওয়ালিউরকে কিল-ঘুষি দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয় তারা। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ও মোটরসাইকেলের চাবি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ওয়ালিউর রশিদ জানান, সন্ধ্যার পর রাস্তাটি ফাঁকা ছিল। ঘটনার পর কয়েকজন পথচারীসহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তিনি সাহস পান। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, গুলির শব্দের পর সেখানে গিয়ে ওই ব্যক্তিকে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় দেখেন তাঁরা। মোটরসাইকেলটি তাঁর পাশেই পড়ে ছিল। রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পুলিশ যায়। তখন সেখানে অনেক মানুষের জমায়েত হয়।

ওয়ালিউর প্রথম আলোকে বলেন, গুরুদাসপুর ও সিংড়া উপজেলায় হারেভেস্টার (ধান কাটা ও মাড়াইযন্ত্র), ট্রাক্টর ও ট্রাক কিস্তিতে বিক্রি করা হয়েছিল। মাসজুড়ে সেই কিস্তির টাকা আদায় করেন তিনি। আজ দিনভর কিস্তির টাকা আদায় করে দুপুরে ব্যাংকে জমা দেন। শেষ বিকেলে হাজিরহাটের একজন গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে সিংড়া উপজেলায় যাচ্ছিলেন। দুর্বৃত্তরা আগে থেকে হয়তো তাঁকে অনুসরণ করে সুযোগ বুঝে সন্ধ্যার পর আক্রমণ করেছে। টাকার ব্যাগের সঙ্গে তাঁর মানিব্যাগে দেড় হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বলেন, ভুক্তভোগী ওয়ালিউর রশিদকে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্য ও শহরে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আটক করা হবে।