গোদাগাড়ীতে ভাতিজাদের পিটুনিতে চাচার মৃত্যু, দুই চাচাত ভাই হাসপাতালে

রাজশাহী জেলার মানচিত্র
রাজশাহী জেলার মানচিত্র

ঘরের চালার পানি জমিতে পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে বিবাদের শুরু হয়। এর জের ধরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভাতিজারা তাঁদের এক চাচাকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁকনহাট পৌর এলাকার আমতলী ঝিকড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. ওয়াহেদ আলী (৬০)। এ ঘটনায় আহত তাঁর দুই ছেলে আবদুল আলীম (৪০) ও আবদুল মাতিনকে (৩৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হুসেন, হাসান, তাজেল, জিয়ারুল আমতলী ঝিকড়া এলাকার সেফাতুরের ছেলে।

আজ দুপুরে হাসপাতালে কথা হয় নিহত ওয়াহেদ আলীর ছোট ছেলে জমশেদ আলীর সঙ্গে। তিনি বলেন, তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে ছোট দুই ভাই পৃথক জমিতে বাড়ি করেছেন। বড় তিন ভাই বাবার সঙ্গে পুরোনো ভিটায় থাকেন। সেই ঘরের পাশেই তাঁদের চাচাত ভাইদের ঘর।

জমশেদ আলী আরও বলেন, চাচাত ভাইদের ঘরের চালার পানি পড়ে তাঁদের জমির মাটি ভেঙে যাচ্ছে। এটা নিয়ে আজ সকাল ৯টার দিকে চাচাত ভাই হুসেন, হাসান, তাজেল, জিয়ারুল ও হাসানের ছেলে সজীবের সঙ্গে তাঁরা বাবা ওয়াহেদ আলীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা পাঁচজন মিলে লাঠি দিয়ে পিটিয়ে তাঁর বাবাকে গুরুতর জখম করেন। এ সময় তাঁর মেজ ভাই আবদুল মাতিনকে মেরে মাথা ফাটিয়ে দেন চাচাত ভাইয়েরা। ঘটনার সময় বাইরে ছিলেন তাঁর বড় ভাই আবদুল আলীম। খবর পেয়ে তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়িতে আসেন। এ সময় তাঁকে মারতে শুরু করেন চাচাত ভাইয়েরা। এতে আবদুল আলীমের মাথা ফেটে যায়।

বেলা ১১টার দিকে আহত ওয়াহেদ আলী ও তাঁর দুই ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় সেলাই দেওয়ার পরপরই তাঁর বাবা মারা যান। এ ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জমশেদ আলী।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ওয়াহেদের মৃত্যুর পর তাঁর ভাতিজারা পালিয়েছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।