
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির উঠানে থাকা পরিত্যক্ত কুয়ায় পড়ে কৃষিশ্রমিক হাসান মিয়া (৩০) ও পোশাকশ্রমিক হাবিবুর রহমান (২৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মিন্টু মিয়া (৩২) নামের এক যুবক। আজ সোমবার ভোররাত চারটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, আজ ভোরে হাবিবুর তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ির উঠানের পাশের শৌচাগারে যান। সেখান থেকে ফেরার সময় হঠাৎ হাবিবুর বাড়ির আঙিনার মধ্যে থাকা পরিত্যক্ত কুয়ার ঢাকনা ভেঙে পড়ে যান। তাকে উদ্ধার করতে কুয়ার ভেতরে নামেন বড় ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু মিয়া। কিন্তু কুয়ার ভেতর থেকে তাঁরা হাবিরকে উদ্ধার করতে পারেননি। কুয়ার মধ্যে হাসান ও হাবিবুরের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টুকে।
এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে হাসান ও হাবিবুরের লাশ উদ্ধার করেন। এ ছাড়া আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।