
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় সামিউল ইসলাম (২৭) নামের অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামি পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে থানা চত্বরে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পলাতক ওই আসামিকে ধরতে পারেনি পুলিশ।
পলাতক আসামি সামিউলের বাড়ি উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আবদুল হালিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মতলব উত্তর থানা-পুলিশের সহযোগিতায় গতকাল সোমবার মতলব উত্তর থেকে সামিউলকে আটক করে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ। আজ ভোরে তাঁকে গোবিন্দগঞ্জে নিয়ে আসা হয়। ভোর সাড়ে চারটার দিকে থানা চত্বরে মাইক্রোবাস থেকে নামানোর সময় তিনি পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুনসহ তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, পলাতক সামিউল ইসলামকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।