
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন ও বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের এ তারিখ সোমবার জানানো হয়েছে বলে নিশ্চিত করেন সিলেটের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন ও বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। ১৫ জুন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে। রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।
চলতি বছরের ২৯ জানুয়ারি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। এর আগে তিনি ২০১৯ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আর বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২৫ এপ্রিল। নির্ধারিত মেয়াদ শেষে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।