গোয়ালন্দে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

রাজবাড়ী জেলার মানচিত্র
রাজবাড়ী জেলার মানচিত্র

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে মারধর করে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাগলপুরে এ ঘটনা ঘটে। মারধরে আহত হয়ে মো. ওয়াজেদ শেখ (৪৫) নামের ওই ব্যবসায়ী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

ওয়াজেদ শেখ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কদতলী গ্রামের বাসিন্দা ও মৌলভীবাজারের মুদি ব্যবসায়ী। তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর যাচ্ছিলেন। পথে ভাগলপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে তাঁর রিকশার গতিরোধ করেন সোহেল খাঁ (৩০), সুমন শেখ (২৬) ও অন্য এক ব্যক্তি। এ সময় তাঁরা ওয়াজেদ শেখকে রিকশা থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে সঙ্গে থাকা টাকা দিতে বলেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধর শুরু করেন। এরপর পাঞ্জাবির পকেট ছিঁড়ে সঙ্গে থাকা ৪৫ হাজার ৩০০ টাকা কেড়ে নেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল মিয়া বলেন, ওয়াজেদ শেখ থানায় এলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে। তাঁর মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি। লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা নেওয়া হবে।