
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর কবি বাড়ি সেতু এলাকায় মাহিন্দ্রা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক কলেজছাত্র ফেরদৌস বেপারী (১৮) নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নাহিয়ান, মাহিন্দ্রার যাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী ও চালক হাকিম আলী আহত হয়েছেন। তাঁদের বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ফেরদৌস বেপারী বাবুগঞ্জের আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ও উত্তর রাকুদিয়া গ্রামের মিজান বেপারীর ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, আজ দুপুরে বন্ধু নাহিয়ানকে নিয়ে মোটরসাইকেলে করে গৌরনদী থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন ফেরদৌস। পথে বাটাজোর কবি বাড়ি সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভূরঘাটাগামী মাহিন্দ্রার সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই কলেজছাত্র ফেরদৌস বেপারী নিহত হন। এ ছাড়া তাঁর বন্ধু মোটরসাইকেলের আরোহী নাহিয়ান, মাহিন্দ্রাযাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী ও মাহিন্দ্রাচালক হাকিম আলী গুরুতর আহত হন। বেলা সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওসি বেল্লাল হোসেন আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।