স্বেচ্ছাশ্রমে মেরামত করা শ্রমিক দেখিয়ে প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। গত রোববার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নে দক্ষিণ শ্রীরামকাঠি গ্রামে
স্বেচ্ছাশ্রমে মেরামত করা শ্রমিক দেখিয়ে প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। গত রোববার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নে দক্ষিণ শ্রীরামকাঠি গ্রামে

নাজিরপুরে সড়ক মেরামত

গ্রামবাসীর শ্রম, টাকা তুললেন জনপ্রতিনিধি

পিআইও বলেছেন, খোঁজ নিয়ে সত্যতা পেলে প্রকল্প কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে দুটি মাটির সড়ক মেরামত করেছিলেন। কিন্তু ওই সড়কের কাজ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির প্রকল্প দেখিয়ে এক ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনা পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীরামকাঠি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জীবগ্রামের সুখরঞ্জন এদবরের বাড়ি থেকে উত্তম মিস্ত্রির বাড়ি পর্যন্ত এবং দক্ষিণ শ্রীরামকাঠি গ্রামের তোফাজ্জেল শেখের বাড়ি থেকে সুদেব ঢালীর বাড়ি পর্যন্ত দুটি মাটির সড়ক মেরামতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) নগদ অর্থ কর্মসূচির আওতায় ১ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

দক্ষিণ শ্রীরামকাঠি গ্রামের তোফাজ্জেল শেখের বাড়ির পাশের একটি সুপারিগাছে সাইনবোর্ডে ওই প্রকল্পের তথ্য রয়েছে। ওই তথ্য অনুসারে ২০২১-২২ অর্থবছরের টিআর দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ সাধারণ অর্থে গত ৮-২৫ মার্চের মধ্যে সড়ক দুটির কাজ শেষ হয়েছে। শ্রীরামকাঠি ইউপির সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৭, ৮ ও ৯) সদস্য শিলা সিকদার প্রকল্প দুটির বাস্তবায়ন কমিটির সভাপতি। তিনি প্রকল্পের কাজ সমাপ্ত দেখিয়ে বরাদ্দ করা ১ লাখ ৫৩ হাজার টাকা তুলে নিয়েছেন।

গত রোববার দুপুরে গিয়ে দেখা যায়, দক্ষিণ শ্রীরামকাঠি গ্রাম ও জীবগ্রামের ওই দুই সড়কে মাটি ও বালু ফেলা হয়েছে।

দক্ষিণ শ্রীরামকাঠি গ্রামের সুশীল ঢালী বলেন, তোফাজ্জেল শেখের বাড়ি থেকে সুদেব ঢালীর বাড়ি পর্যন্ত মাটির রাস্তাটি সরু ও ভাঙা ছিল। দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। গত বছরের নভেম্বর মাসে ইউপি নির্বাচনের আগে সদস্যপদের এক প্রার্থী এলাকায় ভোট চাইতে আসেন। তখন এলাকার লোকজন তাঁর কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানান। ওই প্রার্থী ১২ হাজার টাকা দেন। ওই টাকা দিয়ে বালু কিনে রাস্তাটি মেরামত করা হয়।

সুশীল ঢালী আরও বলেন, ‘দেড় মাস আগে ইউপি সদস্য শিলা সিকদার প্রকল্পের সভাপতি দেখিয়ে তোফাজ্জেল শেখের বাড়ির সামনে একটি সাইনবোর্ড টানান। এরপর আমরা খবর নিয়ে শুনি, স্বেচ্ছাশ্রমে করা সড়ক তিনি প্রকল্পে অন্তর্ভুক্ত করে টাকা উঠিয়ে নিয়েছেন।’

জীবগ্রামের নারায়ণ হালদার বলেন, গত ইউপি নির্বাচনের সময়ে জীবগ্রামের সুখরঞ্জন এদবরের বাড়ি থেকে উত্তম মিস্ত্রির বাড়ি পর্যন্ত রাস্তাটি গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে মাটি কেটে বালু দিয়ে মেরামত করা হয়। তখন ইউপি নির্বাচনে সদস্যপদের এক প্রার্থী খননযন্ত্র দিয়ে বালু ভরাট করে দেন।

এ বিষয়ে ইউপি সদস্য শিলা সিকদার বলেন, ‘সড়ক দুটির কিছু কাজ গ্রামবাসী করেছিল। পরে আমি বাকি কাজ শেষ করি।’

পিআইও মো. ইস্রাফিল বলেন, ‘কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ মৌখিকভাবে শুনেছি। খোঁজ নিয়ে সত্যতা পেলে প্রকল্প কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’