
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ মণ্ডলপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আঁখি আক্তার (২০) ওই এলাকার আকবর আলীর স্ত্রী। এ ঘটনায় আকবর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহত আঁখি আক্তারের লাশ উদ্ধারের পর তাঁর স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আকবর আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে আঁখি আক্তারকে ঘুমন্ত অবস্থায় শিলপাটা দিয়ে মাথায় আঘাত করেন তিনি। এ সময়ে আঁখি জেগে উঠলে আকবর আলী তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনাটি বাড়ির মালিক জানতে পেরে আকবর আলীকে আটক করেন। রাতেই তিনি পুলিশকে খবর দেন। পরে সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।