ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দক্ষিণাঞ্চল, বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে সকালে পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। মোংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।