কক্সবাজারের চকরিয়া উপজেলায় পণবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) আরোহী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লাল ব্রিজের অদূরে সিএনজি পাম্পের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম মাহিয়া জন্নাত নুসরাত (১৬)। সে ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ইদমণি গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে।
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন সড়কে টায়ার ও গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেন। এতে সড়কে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে শিক্ষার্থী ও স্থানীয় লোকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয়ের শিক্ষক টিটু কান্তি সুশীল বলেন, নুসরাত দশম শ্রেণির শিক্ষার্থী। সে ইদমণি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়া করত। প্রতিদিনের মতো সোমবার টমটমে করে স্কুলে যাওয়ার পথে লাল ব্রিজ এলাকায় পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক তাকে বহনকারী টমটমকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দ্রুত সময়ের মধ্যে চালক-সহকারীকে আটক করে আইনের আওতায় আনা হবে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর চালক-সহকারী পালিয়ে যান। অভিযুক্ত ট্রাকটি জব্দ করা হয়েছে।