
চট্টগ্রাম বিভাগের অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর লিখিতভাবে হাসান শাহরিয়ার এ নির্দেশ দেন।
লিখিত নির্দেশে বলা হয়, দেশের কিছু স্থানে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের (রোগনির্ণয় কেন্দ্র) মালিকেরা স্বাস্থ্য অধিদপ্তরে লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিন্তু লাইসেন্সপ্রাপ্তির আগেই অথবা আবেদন না করেই অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনা করছেন, যা বৈধ নয়। জনস্বাস্থ্য রক্ষায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ রকম বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলো।
জানতে চাইলে হাসান শাহরিয়ার প্রথম আলোকে বলেন, বেশ কিছু ক্লিনিকের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। এ কারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশের অনুলিপি সব সিভিল সার্জনের পাশাপাশি, পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান, সব জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, চট্টগ্রাম নগর ও জেলা মিলে ১৫৬টি অনুমোদন পাওয়া বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র আছে। এর বাইরে আরও প্রায় এক হাজারের মতো হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র লাইসেন্স ছাড়া দিনের পর দিন চলছে বলে অভিযোগ রয়েছে। অনুমোদন পাওয়া হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্রের মধ্যে ৯৩টি নগরের। বাকিগুলো বিভিন্ন উপজেলায়।