চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমে ১০ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ শতাংশ। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে তিন ব্যক্তি মারা গেছেন।

আজ শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৫৫২ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫০ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৮ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজনই শহরের। তাঁরা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাঁদের করোনা শনাক্ত হয়েছে তাঁদের মধ্যে শহরের ৮৬ জন। বিভিন্ন উপজেলার ২২ জন।

চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় (বুধবার) করোনায় ৪ ব্যক্তির মৃত্যু হয়। একই সময়ে ১৫৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল সাড়ে ১৪ শতাংশ। তার আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে করোনায় ৫ ব্যক্তির মৃত্যু হয়। একই সময়ে ১৪২ জনের করোনা শনাক্ত হয়। এদিন শনাক্তের হার ছিল ১৪ শতাংশ। সোমবার ৫ ব্যক্তির মৃত্যু হয়। নতুন করে ১৯৮ জনের শনাক্ত হয়। শনাক্তের হার ছিল প্রায় ১৫ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।