
চট্টগ্রামে স্ত্রী খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম আবদুস সাত্তার। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আবদুস সাত্তারের উপস্থিতিতে আদালত তাঁকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৪ আগস্ট নগরের খুলশী টাংকির পাহাড় ছাদেক কলোনিতে শাহেদা আক্তার (১৯) নামের এক নারীকে গলা টিপে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনায় পুলিশের করা মামলায় নিহত শাহেদার স্বামী আবদুস সাত্তার গ্রেপ্তার হন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় ওই বছরের ২৮ অক্টোবর অভিযোগপত্র জমা দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
নিহত শাহেদা ও সাত্তারের বাড়ি কুমিল্লার চান্দিনায়। তাঁরা ঘটনার চার বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে থাকতেন চট্টগ্রাম শহরের একটি কলোনিতে। তাঁদের সাত বছর বয়সী এক সন্তান আছে।