চলন্ত বাসে ডাকাতি, দুই থানার ঠেলাঠেলিতে মামলা হয়নি

বগুড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি দূরপাল্লার বাসে ডাকাতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা ঢাকার সাভার ও টাঙ্গাইলের মির্জাপুর থানায় গিয়েও আজ রোববার দুপুর পর্যন্ত মামলা করতে পারেননি।

ওই দুই থানার কর্মকর্তারা তাঁদের অধীন এলাকায় ডাকাতি হয়নি দাবি করে অন্য থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন।

সোনার তরী যাত্রী পরিবহনের একটি বাস ডাকাতির কবলে পড়ে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বগুড়ার ঠনঠনিয়া বাস টার্মিনাল থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার গাবতলীর উদ্দেশে যাত্রা শুরু করে। পথিমধ্যে শেরপুর থেকে ২-৩ জন ও টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ৭ জন যাত্রী নেওয়া হয়।

বাসের সুপারভাইজার শহীদুল আলম বলেন, রাত সোয়া ১১টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে দুজন যাত্রী নামিয়ে বাসের গেট বন্ধ করে দেন চালকের সহযোগী। এ সময় ইঞ্জিন কাভারে বসা যাত্রীবেশে দুই ডাকাত চালককে সরিয়ে নেন। পেছনে থাকা অন্য একজন চালকের আসনে বসে বাসের নিয়ন্ত্রণ নেন। পরে যাত্রীবেশে বাসে থাকা আরও ৭-৮ জন ধারালো চাকু, চাপাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেন। ডাকাতেরা শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজের ফটকের সামনে বাসটি রেখে চলে যান।

চালক মো. পাভেল বলেন, এক যাত্রী কৌশলে মুঠোফোন লুকিয়ে রেখেছিলেন। তাঁর মুঠোফোন দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হয়। পরে মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল এলাকায় পুলিশ আসে। পুলিশ তাঁদের সাভার থানায় মামলা করার পরামর্শ দেয়। তাঁরা শনিবার সকাল ৭টার দিকে সাভার হাইওয়ে থানায় আসেন। কিন্তু ওই থানার পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়। সাভার থানায় বিষয়টি জানালে মির্জাপুর থানায় মামলা করার জন্য বলা হয়। শনিবার রাত ১১টা পর্যন্ত মামলা করার চেষ্টা করেছেন। শেষে ব্যর্থ হয়ে থানা থেকে চলে যান।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, বাসে ডাকাতির ঘটনাটি সাভার এলাকায় হয়েছে। তাই সংশ্লিষ্ট থানা এ ব্যাপারে পদক্ষেপ নেবে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘যাত্রী উঠেছেন টাঙ্গাইল থেকে, সারা রাস্তায় তারা ডাকাতির প্রক্রিয়া সম্পন্ন করে সাভারে বাসটি শুধু ঘুরে গেছে। ডাকাতির শেষও হয়েছে টাঙ্গাইল গিয়ে। এ কারণে আমরা পরামর্শ দিয়েছি ওই থানায় মামলা দায়েরের।’