
কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিসহ সদর, নাচোল ও ভোলাহাট উপজেলা কমিটি থেকে ৬০ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন। এ সংবাদ সম্মেলনকে ‘তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি’ হিসেবে উল্লেখ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাচোল বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি ও কমিটির সদস্য নুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘ দুই যুগ থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যাঁদের ন্যূনতম সম্পর্ক নেই, বিগত ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিপক্ষে, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, এমন ব্যক্তিদের আহ্বায়ক ও সদস্যসচিব করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এদের কারও কারও দলের প্রাথমিক সদস্য পদও নেই। এতে দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুদ তালুকদার ও সহসাংগঠনিক সম্পাদক শাহিন শওকত মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ ধরনের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেছেন। তাঁরা প্রচার করেছেন, তারেক রহমানের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে।
তাঁরা এসব কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে ত্যাগী ও পরীক্ষিতদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুদ তালুকদার ও সহসাংগঠনিক সম্পাদক শাহিন শওকত মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ ধরনের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেছেন।
জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘২০-২৫ বছর ধরে বিএনপির সঙ্গে যাঁদের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামের পক্ষে যাঁরা ভোট করেছেন, সম্প্রতি গঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির শীর্ষ পর্যায়ে রয়েছেন তাঁরা। এ ছাড়া উপজেলা আহ্বায়ক কমিটিগুলোতেও সঠিক লোকদের মনোনীত করা হয়নি। যাঁরা এসব কমিটি গঠনের সঙ্গে জড়িত, তাঁরা দায়িত্বশীল আচরণ করেননি। দলের জন্য এটা ক্ষতিকর হয়েছে। আমি চাইব, এসব কমিটি বাতিল করে নতুনভাবে যোগ্য লোকদের নিয়ে যেন কমিটি গঠন করা হয়।’
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রথম আলোকে বলেন, এই সংবাদ সম্মেলন হয়েছে হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সংসদ সদস্য আমিনুল ইসলামের ইন্ধনে। তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করার অভিযোগ রয়েছে। এ জন্যই তাঁরাসহ তাঁদের ঘনিষ্ঠজনদের আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি। কেন্দ্রের সংশ্লিষ্ট নেতাদের নির্দেশেই এটা করা হয়েছে। জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তারেক রহমানের নির্দেশে।
গোলাম জাকারিয়া আরও বলেন, ‘আমি বরাবরই বিএনপি করে আসছি। যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। কেবল একটি সংসদ নির্বাচনে চারদলীয় জোটভুক্ত জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছি। হারুনুর রশীদ ও তাঁর স্ত্রীর স্বৈরতান্ত্রিক আচরণের কারণে বিএনপির পুরোনো অনেক নেতা দলে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। নতুন আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় তাঁরা আবার সক্রিয় হচ্ছেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও শাহিন শওকত সম্পর্কে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর ও শিষ্টাচারবহির্ভূত।’