
বিশেষ লকডাউনের কিছু শর্ত শিথিল করে বিশেষ বিধিনিষেধের আওতায় থাকবে চাঁপাইনবাবগঞ্জ। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এ সময় ১১টি বিধিনিষেধ ঘোষণা করা হয়। এসব বিধিনিষেধ আজ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
এ বিশেষ বিধিনিষেধের মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে বিপণিবিতানগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। একটি মোটরসাইকেলে একজন, রিকশায় একজন যাত্রী ও ব্যাটারিচালিত অটোরিকশাতে দুজনের বেশি মানুষ যাতায়াত করতে পারবে না। সব ধরনের সাপ্তাহিক হাটবাজার বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় এবং এ–সম্পর্কিত পরিবহন চালু থাকবে। বড় আমবাজারগুলো আশপাশের স্টেডিয়াম বা বড় মাঠে ছড়িয়ে–ছিটিয়ে বসবে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। অর্ধেকসংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলবে। তবে জেলার বাইরে যেতে পারবে না। জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে যুক্ত অফিস, তাঁদের কর্মচারী ও যানবাহন এ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।
এ বিশেষ বিধিনিষেধের আওতায় স্বাস্থ্যবিধি মেনে বিপণিবিতানগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণ ও নিম্নগামী রাখতে জেলা প্রশাসন এর আগে বেলা তিনটায় কোর কমিটি, বেলা সাড়ে তিনটায় জেলা করোনা প্রতিরোধ কমিটি এবং বিকেল সাড়ে চারটায় সব স্তরের জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানদের সঙ্গে জুম মিটিংয়ে আলোচনা করে এসব বিধিনিষেধ নির্ধারণ করে।
এদিকে আজ সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনা পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, ৩ ধরনের যন্ত্রে ৬৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক শূন্য ১ শতাংশ। এর মধ্যে আরটি-পিসিআর পরীক্ষায় ১৭৩ জনের মধ্যে ১০৫ জন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৭২ জনের মধ্যে ৮৫ জন এবং জিন এক্সপার্ট পরীক্ষায় ৪ জনের মধ্যে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩ জন।