সিলেটে প্রধান তথ্য কর্মকর্তা

চাইলেও অনলাইন সংবাদমাধ্যমগুলোর নিবন্ধন প্রক্রিয়া দ্রুত করা যায় না

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া। আজ শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য কাজ করছে। তথ্য মন্ত্রণালয় ইতিমধ্যে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করেছে। ধারাবাহিকভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়া হবে। তবে নিবন্ধনের আগে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হয়। তাই চাইলেও অনলাইন সংবাদমাধ্যমগুলোর নিবন্ধন প্রক্রিয়া দ্রুত করা যায় না।

আজ শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় শাহেনুর মিয়া এসব কথা বলেন। সিলেটের আঞ্চলিক তথ্য কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শাহেনুর মিয়া বলেন, মানুষ এখন দ্রুত সংবাদ পেতে চান। ঘটনাস্থল থেকে কার্যালয়ে গিয়ে সংবাদ লিখে পাঠাতে অনেক সময় চলে যায়। সংবাদমাধ্যমগুলো এখন প্রিন্ট বা টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন সবাই অনলাইনে চলে গেছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংবাদমাধ্যম পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে। তাই প্রযুক্তির যেভাবে বিকাশ ঘটছে, তাতে সবাইকে সম্পৃক্ত হতে হবে।

সভার সঞ্চালনা করেন সিলেট আঞ্চলিক তথ্য কার্যালয়ের সহকারী উপপরিচালক মাসুম বিল্লাহ। সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট আঞ্চলিক তথ্য কার্যালয়ের সহকারী তথ্য কর্মকর্তা মাসুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।