
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস ছাত্তার ভূঁইয়ার ছেলে মাইনুল হাসান ওরফে তুষারের বিরুদ্ধে চাকরি দেওয়ার আশ্বাসে ঘুষ নেওয়ার অভিযোগে হোসনা আক্তার নামের এক নারী আদালতে মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আফরিন আহমেদের আদালতে তিনি মামলাটি করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। হোসনা আক্তারের বাড়ি সরাইল উপজেলার গুনারা গ্রামে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার গুনারা গ্রামের মৃত রহমত হোসেনের মেয়ে হোসনা আক্তার ২০১৯ সালে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্টাররোলে (দৈনিক ভিত্তিতে) অফিস সহায়ক পদে চাকরির জন্য আবেদন করেন। চাকরির নিশ্চয়তার জন্য তিনি সংসদ সদস্যের ছেলে মাইনুল হাসানের সঙ্গে যোগাযোগ করেন। ২০১৯ সালের ৫ জুলাই জেলা শহরের মেড্ডা সবুজবাগে সংসদ সদস্যের বাসায় তাঁর ছেলে মাইনুল হাসানের হাতে চাকরির জন্য সাড়ে তিন লাখ টাকা তুলে দেন। টাকা পাওয়ার পর মাইনুল তাঁর বাবার মোহর, স্বাক্ষরসহ সুপারিশ করা একটি দরখাস্ত হোসনার কাছে দেন। মাইনুল সুপারিশ করা দরখাস্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দিতে বলেন এবং সিভিল সার্জনের নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। তবে অফিস সহায়ক পদে সুপারিশ করা ওই দরখাস্ত জমা দেওয়ার পরও হোসনার চাকরি হয়নি। পরে হোসনা লোকজন নিয়ে মাইনুলের বাসায় যান। তখন মাইনুল টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক আফরিন আহমেদ মামলাটি আমলে নিয়েছেন। আদালত মামলাটি সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও মাইনুল হাসানকে পাওয়া যায়নি। তবে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বাবা ছয়বারের সংসদ সদস্য। তাঁর সুনাম ক্ষুণ্ন করতে এবং রাজনীতিতে আমার আসাকে বাধাগ্রস্ত করতে দলীয় লোকজন ওই নারীকে দিয়ে মামলাটি করিয়েছেন।’
সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত থেকে এখনো কোনো নথি থানায় এসে পৌঁছায়নি। নথি পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি কার্যক্রম শুরু করা হবে।