মেলান্দহের চরবানিপাকুরিয়া ইউপি

চারটি প্রকল্পের টাকা আত্মসাৎ

ইজিপিপি প্রকল্পটি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন। অতিদরিদ্র জনগোষ্ঠীর উদ্দেশ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়।

  • চারটি প্রকল্পের ৪৮ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে।

  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ওই ৪৮ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেয়।

জামালপুর জেলার মানচিত্র

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা গ্রামের আকন্দ পাড়ায় স্থানীয় ব্যক্তিরা একটি কবরস্থান গড়ে তুলেছেন। সেই কবরস্থানে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রথম পর্যায়ের একটি প্রকল্প দেওয়া হয়েছিল। সেই প্রকল্পের আওতায় ১০০ জন অতিদরিদ্র শ্রমিক মাটি ভরাটের মাধ্যমে ১৬ লাখ টাকা মজুরি হিসেবে পাওয়ার কথা ছিল।

মাটি তো দূরে থাক, সেখানে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, সে বিষয়টি কবরস্থান–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতেনই না। তবে পুরো টাকা ঠিকই উত্তোলন করা হয়েছে। ওই ইউনিয়নের আরও তিনটি প্রকল্পের অবস্থাও একই রকম। চারটি প্রকল্পের কোনো কাজ না করে ৪৮ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে।

চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন প্রথম আলোকে বলেন, ওই প্রকল্পের সব শ্রমিক ভিআইপি ও দলীয় নেতা–কর্মী। তাঁরা মাটি কাটতে যাননি। কিন্তু তাঁদের মুঠোফোন নম্বরে মজুরির টাকা ঠিকই চলে গেছে। তাঁরা প্রত্যেকের ছয় হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। সেই টাকায় মাটি কাটার কথা ছিল। কিন্তু তাঁরা একটি টাকাও দেননি। তাহলে কাজটি কীভাবে হবে।

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, ইজিপিপি প্রকল্পটি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন। বছরের কর্মহীন দুটি মৌসুমে অতিদরিদ্র গ্রামীণ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের উদ্দেশ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট পিআইও, ইউপি সদস্য ও চেয়ারম্যানদের অনিয়ম, স্বজনপ্রীতি, ট্যাগ অফিসারদের দুর্নীতিতে এই প্রকল্পের লক্ষ্য ভেস্তে যাচ্ছে। সবকিছুকে কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দের টাকা ভাগ–বাঁটোয়ারা করে নেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে ইজিপিপির অধীনে চরবানিপাকুরিয়া ইউনিয়নে চারটি প্রকল্প বাস্তবায়ন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৪৮ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেয়। গত ২২ জানুয়ারি থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে ৩১ মার্চ শেষ হয়। চারটি প্রকল্পে ৩০১ জন হতদরিদ্র মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। স্থানীয় লোকজনের ভাষ্য, চারটি প্রকল্পের কোথাও মাটি কাটতে দেখা যায়নি শ্রমিকদের। ওই ৩০১ জনের তালিকার বিষয়েও কোনো কিছু জানা নেই তাঁদের।

সরেজমিনে গত রোববার ও সোমবার দেখা যায়, ওই চারটি প্রকল্পের কোথাও মাটি কাটার চিহ্নও খুঁজে পাওয়া যায়নি। কবরস্থানের জমিদাতা ও আকন্দবাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আকন্দ বলেন, ‘আমার বংশের সবাই মিলিয়ে জমি দিয়ে কবরস্থানটি গড়ে তুলেছি। এখানে যে একটি প্রকল্প দেওয়া হয়েছিল, সেটাই তো আমরা জানতাম না। প্রকল্পের বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। পরে গ্রামের সবাই চেয়ারম্যানকে ধরি। পরে চেয়ারম্যান ছয় লাখ টাকা দেন।’

এ বিষয়ে জানতে চাইলে ওই প্রকল্পের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান ক্ষুব্ধ হন এবং এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ভাবকী টগার চর রাস্তায় সোনা উল্লাহ দহে মাটি ভরাটে ৮১ জন হতদরিদ্র শ্রমিকের বিপরীতে ১২ লাখ ৯৬ হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়। গত চার থেকে পাঁচ মাসের মধ্যে সেখানেও কোনো মাটি কাটা হয়নি। গ্রামবাসী কেউ জানেন না, সেখানে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা তাইমুজ আলী শেখ বলেন, কোনো লোকজন বা শ্রমিক মাটি ফেলেনি। জায়গা দেখিয়ে টাকা তুলে খেয়ে ফেলা হয়েছে।

চরপলিমা পূর্ব পাড়া ব্রিজ থেকে সোবহান আকন্দের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ও প্যালাসাইডিং করতে ৬০ জন শ্রমিকের বিপরীতে ৯ লাখ ৬০ হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়ল। নামমাত্র মাটি কাটা হয়েছে। স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, দুই মাস আগে ভেকু দিয়ে কিছু মাটি ফেলা হয়েছে। যে পরিমাণ মাটি ফেলা হয়েছে, তা–ও বৃষ্টিতে ধুয়ে গেছে।

বাকাই পাকা রাস্তা হইতে হাশেমের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে ৬০ জন শ্রমিকের বিপরীতে ৯ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সেখানেও ভেকু দিয়ে অল্প কিছু মাটি ফেলা হয়েছিল। তবে মাটির কোনো চিহ্ন নেই। স্থানীয় বাসিন্দা শামীম মিয়া বলেন, ভেকু দিয়ে কিছু গর্ততে মাটি ফেলা হয়েছিল। শ্রমিক দিয়ে কাজ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন বলেন, ‘এই প্রকল্প নিয়ে আমরা এখন বিপদে রয়েছি। এই প্রকল্প বন্ধ করে দেওয়া উচিত।’

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, শ্রমিকের তালিকা ইউপি থেকে দেওয়া হয়। তাহলে চেয়ারম্যান ভিআইপি ও দলীয় নেতাদের নাম দিলেন কেন। ভেকু দিয়ে মাটি কাটার সুযোগ নেই। ওই সব প্রকল্পে অবশ্যই শ্রমিক দিয়েই কাজ করতে হবে। ওই চারটি প্রকল্পের বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।