
চিকিৎসক, নার্সসহ বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন চিকিৎসক, তিনজন নার্স, চারজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও একজন অফিস সহকারী আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফোকাল পারসন চিকিৎসক আবু হাসান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সোমবার ও আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১০ জনের নমুনা পরীক্ষা করার পর তাঁদের করোনা শনাক্ত হয়। এই ১০ জনের করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ছিল।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী আজ বলেন, করোনা শনাক্ত হওয়া এই ১০ জনের সবাই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।