চিনিগুঁড়া চালের সঙ্গে বাসমতি ঘ্রাণযুক্ত নিষিদ্ধ পাউডার মেশানোয় লাখ টাকা জরিমানা

দিনাজপুর জেলার মানচিত্র
দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুরের ঐতিহ্যবাহী চিনিগুঁড়া চালের সঙ্গে বাসমতি ঘ্রাণযুক্ত নিষিদ্ধ পাউডার মিশিয়ে বস্তায় ভরা হচ্ছিল। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের হটলাইন নম্বরে কল করে বিষয়টি জানান একজন সচেতন ব্যক্তি।

কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হন অধিদপ্তরের কর্মকর্তা মমতাজ বেগম। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন তিনি।

মঙ্গলবার দিনাজপুর শহরের পুলহাট এলাকার মেসার্স সুফলা রাইস মিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই মিলের মালিক নজরুল ইসলাম হলেও কিছুদিন ধরে মিলটি ভাড়া নিয়ে পরিচালনা করছেন চাল ব্যবসায়ী মশিউর রহমান।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, মশিউর রহমান ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরাভাবে চাল বিক্রি করেন। চালে সুগন্ধ বাড়াতে তিনি এই পাউডার মিশিয়ে থাকেন। অধিক সুগন্ধি হলে চালের চাহিদা বাড়ে, দামও ভালো পাওয়া যায়। এই পাউডার তিনি ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে আনেন।

এদিকে একই দিনে পুলহাট এলাকায় রাইস ব্রানের সঙ্গে ইউরিয়া মিশিয়ে বাজারজাত করার অপরাধে মেসার্স ফরহাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা আজাদ আলী।

জানতে চাইলে মমতাজ বেগম বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতই অভিযান পরিচালনা করে আসছে। এর আগেও এই প্রতিষ্ঠান দুটি সম্পর্কে অভিযোগ পেয়েছি। আজকে হাতেনাতে ধরা হয়েছে। রাইস ব্রানগুলোর সঙ্গে ইউরিয়া মেশানো হয়—যা পরে বস্তাজাত করে বিক্রি হয় গবাদিপশুর খাদ্য হিসেবে।

মমতাজ বেগম আরও বলেন, দিনাজপুরের সুগন্ধি চিনিগুঁড়া চালের কদর সারা দেশে। অধিক মুনাফার জন্য এ চালের সঙ্গে অসাধু ব্যবসায়ীরা পাউডার মিশিয়ে বিক্রি করেন।

এদিকে দেশব্যাপী অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চলমান অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে উপজেলার পাকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা শামসুদ্দোহা মুকুল।

এর মধ্যে মমতাজ ক্লিনিককে নিবন্ধন না থাকায় ২০ হাজার টাকা, সেফ ওরাল ডেন্টাল কেয়ারকে লাইসেন্স নবায়ন না করায় দুই হাজার টাকা, মা ডায়াগনস্টিক সেন্টারকে নিবন্ধনের কাগজপত্রে ত্রুটি থাকায় চার হাজার টাকা এবং ভ্যাট সনদ না থাকায় লাইফ কেয়ার ক্লিনিককে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এর মধ্যে মমতাজ ক্লিনিককে সাময়িক বন্ধ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের শর্তপূরণ করা সাপেক্ষে ক্লিনিকটি খোলার অনুমতি দেওয়া হবে।