
চুয়াডাঙ্গায় ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপনের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ফয়জুল মণ্ডল (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফয়জুলের মৃত্যুতে পুরো পরিবেশ মুহূর্তেই শোকাবহ রূপ পায়। পৌর এলাকার সুমিরদিয়া কলোনিপাড়ায় গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ফয়জুল সুমিরদিয়া কলোনিপাড়ার মৃত তাহাজউদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০২১ সালকে বরণ করতে সুমিরদিয়া কলোনিপাড়ার তরুণ ও যুবকেরা মিলে আনন্দ আয়োজন করে। আয়োজনের অংশ হিসেবে গানবাজনা ও খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। সাউন্ডসিস্টেম বাজানোর জন্য বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন ফয়জুল। মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।