
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভারত থেকে চোরাপথে আসা চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার খাসপাড়া থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে তাঁদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এস এম ফাতেহ আকরাম বলেন, আজ ওই চারজনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। একই সঙ্গে তাঁদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।
এই চারজন হলেন সদর উপজেলার খাসপাড়া গ্রামের শাকিল হোসেন, শাহ জালাল ও তাঁর স্ত্রী রানি খাতুন, শাহ জালালের নিকটাত্মীয় কুমিল্লা শহরের রবিন প্রধান। তাঁরা সবাই খাসপাড়া গ্রামের শিকদারপাড়ায় অবস্থান করছিলেন।
গড়াইটুপি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই চারজন চোরাপথে ভারতে যাতায়াত করেন। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বেলঘড়িয়ায় শ্রমিক হিসেবে কাজ করেন তাঁরা। তাঁদের মধ্যে শাকিল রাজমিস্ত্রি এবং বাকিরা বেকারিতে কাজ করেন। গতকাল তাঁরা খাসপাড়া গ্রামে এলে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাদের জানানো হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, ওই চারজন যশোরের বেনাপোল বন্দরসংলগ্ন সীমান্ত দিয়ে চোরাপথে গতকালই দেশে ফেরেন। করোনার ভারতীয় ধরন যাতে ছড়াতে না পারে, এ জন্য চারজনকেই বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।