নজরুল বিশ্ববিদ্যালয়

ছাত্রদলের বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

সংঘর্ষের পর ধারালো অস্ত্র হাতে ছাত্রলীগের এক কর্মীর মহড়া। রোববার ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে আজ রোববার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের আয়োজন করেছিল ছাত্রলীগ। তবে মানববন্ধনে দাঁড়ানো নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় ক্যাম্পাসের কয়েকজন ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। ওই মহড়ার ভিডিও ধারণ করায় এক ব্যক্তির মুঠোফোন কেড়ে নেন ছাত্রলীগ কর্মীরা। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কুমার প্রধান প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে তাঁরা ক্যাম্পাসেই অবস্থান করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে আছে। পাশাপাশি বহিরাগত কেউ যেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে, সে জন্যও সতর্ক আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ছেলেদের মধ্যে সামান্য ঘটনা ঘটেছিল। তখন আমরা একটু দূরে ছিলাম। ছাত্রদলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ শেষে জুনিয়র ছেলেরা নিজেদের মধ্যে হাতাহাতি করেন।’

সংঘর্ষের পর বহিরাগত এক ব্যক্তির মোটরসাইকেল পুড়িয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে মানববন্ধনে দাঁড়ানো নিয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছাত্রলীগের একাধিক কর্মীর মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের বিষয়টি মুঠোফোনে বহিরাগত ছাত্রলীগ কর্মীদের জানানো হয়। বহিরাগত কর্মীরা ক্যাম্পাসে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলা করেন। তাঁরাও হামলাকারীদের ঠেকাতে সংঘর্ষে জড়ান। একপর্যায়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বহিরাগত ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দ্বিতীয় বর্ষের শাওন ও ফাহিমসহ কয়েকজন আহত হন।

সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। ছাত্রলীগের কয়েকজন কর্মীকে ধারালো অস্ত্র হাতে নিয়ে মহড়া দিতে দেখা গেছে। ছাত্রলীগের মহড়ার ভিডিও ধারণ করায় স্থানীয় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া ওই এলাকায় থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আর বহিরাগত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়েছে।

ময়মনসিংহে ছাত্রলীগের সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ। রোববার বিকেলে নগরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে

এদিকে ছাত্রদলের হামলার প্রতিবাদে আজ ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগ পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। বিকেলে মহানগর ছাত্রলীগ নগরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে প্রতিবাদ মানববন্ধন করে। একই স্থানে দুপুরে প্রতিবাদ সমাবেশ করে জেলা ছাত্রলীগ।