
মানিকগঞ্জে প্রতিবাদ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন জেলা ছাত্রদল ও যুবদলের দুই নেতা। তাঁদের অভিযোগ, জেলা শহরের সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের মিছিল থেকে তাঁদের ওপর অতর্কিত হামলা হয়।
আহত দুজন হলেন, মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও জেলার আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল ইসলাম এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল খালেক। হামলায় তাঁদের মাথা ফেটে গেছে।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটূক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে জেলা বিএনপি। আজ দুপুরে সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন যুবদল নেতা রাকিবুল ও ছাত্রদল নেতা আবদুল খালেক। বিএনপির কর্মসূচির পর বেলা একটার দিকে শহরে মিছিল বের করে জেলা ছাত্রলীগ। এ সময় একই মোটরসাইকেলে করে দেবেন্দ্র কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন রাকিবুল ও খালেক। হঠাৎ ছাত্রলীগের মিছিল থেকে ২৫-৩০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। রাকিবুল ও খালেককে রড দিয়ে পেটানো হয়। এতে তাঁদের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
ছাত্রলীগের পিটুনিতে রাকিবুল ও খালেক একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তাঁদের দুজনের মাথার ফেটে যাওয়া অংশে সেলাই দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এ কে এম রাসেল বলেন, ওই দুই যুবকের মাথা ফেটে গিয়েছিল। তাঁদের দুজনের মাথাতেই বেশ কয়েকটি সেলাই লেগেছে। এ ছাড়া অন্যান্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা জানান, রাকিবুল ও খালেক হাসপাতালেও হামলার শিকার হতে পারেন, এমন শঙ্কায় তাঁদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। হামলার মুহূর্ত তুলে ধরে যুবদল নেতা রাকিবুল বলেন, ‘রড দিয়ে আঘাত করলে চলন্ত মোটরসাইকেল থেকে আমরা পড়ে যাই। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের দুজনকে ১০ মিনিট রড দিয়ে পেটাতে থাকেন।’
এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব তুহিনুর রহমান বলেন, জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের মিছিল থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানান মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ। তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি।
ছাত্রদল ও যুবদলের দুই নেতার ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাদ কোরাইশী ওরফে সুমন। তিনি বলেন, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী কারও ওপর হামলা করেনি। নিজেদের মধ্যে মারামারিতে ওই দুজন আহত হয়েছেন।