
সিলেটের এমসি কলেজের আবাসিক হল থেকে ছাত্রীর লাশ উদ্ধারের দুই দিন পর সৌরভ দাস ওরফে রাহুল (২৪) নামের একই কলেজের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সৌরভ দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার কেউরালা গ্রামের মনমোহন দাসের ছেলে। তিনি এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গোয়াবাড়ি এলাকার মোহনা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন সৌরভ। গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে সাতটার দিকে সৌরভের পাশের কক্ষের বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন তাঁদের কক্ষ বাইরে থেকে বন্ধ করা। তাঁদের ডাকাডাকিতে অন্য কক্ষের বাসিন্দারা এসে দরজা খুলে দেন। তখন সৌরভের কক্ষ ভেতর থেকে বন্ধ পেয়ে তাঁকে ডাকাডাকি করেন তাঁরা। কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। পরে জানালা দিয়ে কক্ষে সৌরভকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। বাসিন্দারা বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় সৌরভের লাশ উদ্ধার করে পুলিশ।
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় সৌরভের লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে।
এর আগে ২৫ মে সকালে এমসি কলেজের নতুন ছাত্রী হলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাশ (২০) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছিল পুলিশ। তিনি এমসি কলেজের ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।