ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

যানবাহনের বাড়তি চাপ থাকায় মহাসড়কের দেড় কিলোমিটার অংশে গাড়ির ধীরগতি ও জটলা দেখা গেছে। আজ সকালে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া থেকে পেন্নাই পর্যন্ত দেড় কিলোমিটার যানজট রয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই যানবাহনের বাড়তি চাপ থাকায় মহাসড়কের ওই অংশে গাড়ির ধীরগতি ও জটলা দেখা গেছে।

তীব্র গরমের মধ্যে যানজটে আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লোকাল বাসের চালক মো. মানিক মিয়া বলেন, ‘ছুটির দিনে যানবাহন চলাচল হঠাৎ বেড়ে গেছে। থেমে গাড়ি এগোচ্ছে। গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে।’

কুমিল্লা হোমনা উপজেলার আসাদপুর গ্রামের বাসিন্দা আলেক সকালে ঢাকা থেকে বাড়িতে আসার জন্য বাসে রওনা দেন। সাড়ে আটটার দিকে তিনি মহাসড়কের দাউদকান্দির বারপাড়ায় এসে যানজটে আটকা পড়েন। বারপাড়া থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পৌঁছাতে দুই মিনিটের মতো সময় লাগে। তবে যানজটের কারণে গৌরীপুর বাসস্ট্যান্ড পৌঁছাতে তাঁর আধা ঘণ্টার বেশি সময় লেগেছে

সকাল ৯টার দিকে গৃহবধূ ছালেহা বেগম বলেন, দুই বছরের নাতি লিহানকে নিয়ে আজ সকালে ঢাকা থেকে রওনা দিয়েছেন। তিনি বারপাড়া এলাকায় এসে যানজটে আটকা পড়েন। গরমের মধ্যে যানজটের কারণে নাতিকে নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহাদত হোসেন বলেন, শুক্রবার ছুটির দিনে মহাসড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যায়। তবে আজ অন্যান্য গণপরিবহনের সংখ্যাও বেশি। তাই যানজট নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে।