
নাটোর সদর উপজেলার পাইকরদোল গ্রামের বাসিন্দা শাহজাহান আলীর পরিবারে এবারের ঈদের আনন্দ ছিল অন্য রকম। অনেক বছর প্রবাসজীবন কাটিয়ে ঈদের আগে তিনি বাড়িতে ফেরেন। স্ত্রী হেলেনা বেগম, ছেলে কাওছার আলী ও মেয়ে সাদিয়া খাতুনকে নিয়ে তিনি এবার আনন্দে ঈদ করেছেন। ঈদের পর বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই ছেলে-মেয়ের মৃত্যুতে মুছে গেল মা–বাবার সব আনন্দ।
শাহজাহান আলী বলেন, ছেলে-মেয়েকে নিয়ে গতকাল সকালে তাঁর স্ত্রী বাবার বাড়ি টাঙ্গাইলে যাওয়ার জন্য বের হন। বেলা ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় তাঁদের বহনকারী বাসের সঙ্গে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে তাঁদের ছেলে-মেয়ের মৃত্যু হয়। তাঁদের দুই সন্তানই ছিল। ছেলে কাওছার আলীর এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আর মেয়ে সাদিয়া অষ্টম শ্রেণিতে পড়ালেখা করত। দুর্ঘটনায় তাঁর স্ত্রী হেলেনা বেগম সামান্য আহত হয়েছেন।
শাহজাহান আলী বলছিলেন, ছেলে-মেয়েকে হারানোর পর তাঁর স্ত্রী খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। সারাক্ষণ ছেলে-মেয়েদের পোশাক নিয়ে বুক চাপড়ে বিলাপ করছেন। কাঁদতে কাঁদতে এই বাবা বলেন, ‘আমরা আর কী জন্য বাঁচব? আমাদের দুই নয়নের মণি আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের আর বেঁচে লাভ কী?’
গতকালের সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের একজন ছিলেন নাটোরের নবাব সিরাজ–উদ্–দৌলা সরকারি কলেজের (এনএস কলেজ) দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান। গতকাল রাত আটটার দিকে পুলিশের পক্ষ থেকে তাঁর মৃতদেহ স্বজন ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। সহকর্মীরা তাঁর লাশ রাত সাড়ে আটটার দিকে কলেজ চত্বরে নিয়ে যান। সেখানে জানাজা শেষে তাঁর মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমাগারে রাখা হয়। আজ রোববার তাঁকে চাঁপাইনবাবগঞ্জে তাঁর বাড়িতে দাফন করা হবে।
এনএস কলেজের প্রভাষক সেলিম রেজা বলেন, মশিউর রহমান ২৪ বিসিএসের (শিক্ষা) ক্যাডার ছিলেন। তিনি ২০১৪ সাল থেকে এনএস কলেজে কর্মরত ছিলেন।