চট্টগ্রামে ছয় ডাকাতকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মমিন উল্ল্যাহ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, শাহাবুদ্দীন, আবু সালেহ, জিন্নাত আলী, শাহাদাত হোসেন ও আলমগীর।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, ২০০৯ সালের ৩ মে জেলার সাতকানিয়া উপজেলার হাতিয়াপাড়া এলাকায় এলাহী বক্সের বাড়িতে হানা দিয়ে মূল্যবান জিনিস লুট করে ডাকাত দল। পালানোর সময় ওই দলের ছয় ডাকাতকে আটক করে পুলিশ। এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করা হয়। পরের বছরের ১৭ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।