জাজিরায় ছাত্রলীগের সাবেক নেতাকে হত্যার ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা

শরীয়তপুর জেলার মানচিত্র
শরীয়তপুর জেলার মানচিত্র

শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মালতের (৪২) হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের ভাই মো. সামাদ বাদী হয়ে ৪৭ ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক সুজন ফকিরকে (৩০) এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাদবর ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। নিহত সাইফুল ইসলাম ইলিয়াছ মাদবর পক্ষের সমর্থক ছিলেন। মামলার আসামিরা সবাই সেলিম মাদবরের সমর্থক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহত সাইফুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে সাইফুল জাজিরা উপজেলা সদর থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। রাত একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাইফুল ইসলামের ভাই মো. সামাদ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের নেতা–কর্মীদের হাতে আমার ভাই প্রাণ হারাবে, সেটা কখনো কল্পনা করতে পারিনি। আমরা সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের অনুসারী। এ কারণে একটি পক্ষ আমাদের কোণঠাসা করে রাখত। তারা গত বছর ২৫ জুলাইও আমার ভাইয়ের ওপর হামলা করেছিল। তখন স্থানীয় আওয়ামী লীগের নেতারা ও পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি। তখন থানায় মামলা নিলে এখন তাকে প্রাণ দিতে হতো না। এখন মামলা থেকে রক্ষা পেতে আসামিরা “রাজনৈতিক শেল্টার” পেতে পারে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হোক, এটাই এখন আমাদের চাওয়া।’

জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এর মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।