জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। আজ সকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের খড়খড়িয়া এলাকায়
ছবি: প্রথম আলো

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষজামালপুর সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল আটটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের খড়খড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত যাত্রীর নাম সুমন কুমার (৩৫)। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। তিনি একটি কসমেটিকস কোম্পানির ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার ছিলেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ময়মনসিংহ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরে আসছিল। সকাল আটটার দিকে সদর উপজেলার খড়খড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমনের লাশ উদ্ধারের পর জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।