ঋণখেলাপির মামলায় আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও দুই পরিচালকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। যমুনা ব্যাংকের প্রায় ৮৮ কোটি টাকা ঋণখেলাপির মামলায় তাঁরা বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আসামি তিনজন হলেন আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং দুই পরিচালক শফিকুল ইসলাম ও তৌফিকুল ইসলাম।
রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াছ হোসাইন রোববার বেলা পৌনে দুইটার দিকে আসামিদের জামিনের আবেদন নাকচ করে দেন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের সরকারপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম। তিনি বলেন, তিনজনের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। রোববার শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেছেন। আসামিরা সম্পর্কে তিন ভাই। তাঁদের বাড়ি রাজশাহী মহানগরের সাগরপাড়া এলাকায়। ২৩ মে থেকে তাঁরা কারাগারে।
যমুনা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসার্স আরএসএন্ডটি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীও তৌফিকুল ইসলাম। তিনি এই প্রতিষ্ঠানের নামে যমুনা ব্যাংকের রাজশাহী শাখা থেকে ৮৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। তাঁর এই ঋণের জামিনদার ছিলেন ভাই রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম। ঋণ নেওয়ার পর তাঁরা জালজালিয়াতির মাধ্যমে বন্ধকি সম্পত্তি অন্যত্র হস্তান্তর করেন। ৮৮ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে যায়। এ নিয়ে ২০১৯ সালে যমুনা ব্যাংকের রাজশাহী শাখার তৎকালীন ব্যবস্থাপক মনজুরুল আহসান শাহ এই তিনজনের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় প্রতারণার মামলা করেন।
আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের আদেশে গত সোমবার তাঁরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।